শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোল্লাহাট থানায় পুলিশের ব্রিফিং প্যারেড
রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বাগেরহাটের মোল্লাহাট থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় মোল্লাহাট থানায় এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এ সময় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, দায়িত্ব পালনে সতর্কতা অবলম্বন, শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারত্ব, সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।