ট্রাফিক আইন মানার আহ্বান, সাতক্ষীরার দুই স্কুলে সড়ক নিরাপত্তা কর্মশালা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

ট্রাফিক আইন মানার আহ্বান, সাতক্ষীরার দুই স্কুলে সড়ক নিরাপত্তা কর্মশালা..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
ট্রাফিক আইন মানার আহ্বান, সাতক্ষীরার দুই স্কুলে সড়ক নিরাপত্তা কর্মশালা..
ট্রাফিক আইন মানার আহ্বান, সাতক্ষীরার দুই স্কুলে সড়ক নিরাপত্তা কর্মশালা..
ছবি: সংগৃহীত
নিরাপদ সড়ক ব্যবহারে শিক্ষার্থীদের দিকনির্দেশনা, বিতরণ ট্রাফিক সাইন ও লিফলেট..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা:

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে সাতক্ষীরার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শহরের দুটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে সকাল ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় এবং দুপুর সাড়ে ১২টায় শহরের অদূরে লাবসা ইমদাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে এসব কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদে সড়ক ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়ানোর বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়।

আলোচনায় বক্তারা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু চালকদের দায়িত্ব নয়; পথচারী, শিক্ষার্থীসহ সড়ক ব্যবহারকারী প্রত্যেকেরই দায়িত্বশীল ভূমিকা রয়েছে। অসতর্কতা, ট্রাফিক আইন অমান্য এবং ঝুঁকিপূর্ণ চলাচল দুর্ঘটনার কারণ হতে পারে। তাই ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তোলা জরুরি।

তাঁরা বলেন, রাস্তা পারাপারের সময় নির্ধারিত জেব্রা ক্রসিং, ফুটওভারব্রিজ কিংবা নিরাপদ স্থান ব্যবহার করতে হবে। চলন্ত গাড়ির সামনে দিয়ে হঠাৎ রাস্তা পার হওয়া, মোবাইল ফোন ব্যবহার করতে করতে রাস্তা পার হওয়া এবং যানবাহনের সামনে-পেছনে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করা থেকে বিরত থাকতে হবে। রাস্তার পাশে হাঁটার সময় ফুটপাত ব্যবহার এবং ফুটপাত না থাকলে সড়কের কিনারা দিয়ে সতর্কতার সঙ্গে চলার পরামর্শ দেন তাঁরা।

মোটরসাইকেলে চলাচলের ক্ষেত্রে চালক ও আরোহী উভয়ের মানসম্মত হেলমেট ব্যবহার এবং অতিরিক্ত গতি পরিহারের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাস, ট্রাকসহ বড় যানবাহনের খুব কাছাকাছি দাঁড়ানো এবং চলন্ত যানবাহনে ওঠানামা না করার বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করা হয়।

বক্তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ আচরণের চর্চা প্রয়োজন। শিক্ষার্থীরা নিজেরা ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি পরিবারের সদস্য, সহপাঠী ও আশপাশের মানুষকে সচেতন করতে পারলে নিরাপদ সড়ক গড়ে তোলার উদ্যোগ আরও কার্যকর হবে।

কর্মশালায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, লাবসা ইমদাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

কর্মশালা শেষে শিক্ষার্থীদের মধ্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন ও নিরাপদ সড়ক ব্যবহারের নির্দেশনাসংবলিত ট্রাফিক সাইন, লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের পক্ষ থেকে জানানো হয়, সড়ক দুর্ঘটনা কমানো এবং নতুন প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের সংস্কৃতি গড়ে তুলতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Inga kommentarer hittades


News Card Generator