লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নে এক বিসিআইসি সারের ডিলারের বিরুদ্ধে মাদক মামলার আসামি হওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র , মজিবুল হক মজু দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়, যেখানে তাকে অন্যতম আসামি করা হয়েছে।
একজন মাদক মামলার আসামির কাছে সরকারি সারের ডিলারশিপ থাকায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। কৃষকদের দাবি, সারের মতো একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল কৃষিউপকরণ বিতরণের দায়িত্ব একজন মাদক মামলার আসামির হাতে থাকায় সরকারি বরাদ্দের সার কালোবাজারে পাচার বা নয়ছয় হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে এলাকার সচেতন নাগরিক ও কৃষকেরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তের মাধ্যমে তার ডিলারশিপ বাতিল এবং দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।