মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উদ্ভাবন ও উন্নয়ন কার্যক্রমে অন্যতম নীতি-নির্ধারণী ভূমিকায় ছিলেন কেশবন। বিশেষ করে প্রতিষ্ঠানের বহুল আলোচিত ‘এক্সেল কো-পাইলট’ এবং ভবিষ্যৎ প্রজন্মের ‘এজেন্টিক এআই’ প্রযুক্তি চালুর ক্ষেত্রে তার নেতৃত্বস্থানীয় অবদান ছিল। সিলিকন ভ্যালিসহ বিশ্বজুড়ে যখন এআই খাতে আধিপত্য বিস্তারের তীব্র প্রতিযোগিতা চলছে, ঠিক এমন এক শীর্ষ মুহূর্তে তাঁর এই পদত্যাগের সিদ্ধান্ত প্রযুক্তিবিশ্বে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
পরিবারকেই সর্বোচ্চ অগ্রাধিকার
তুখোড় পেশাগত সাফল্য ও বৈশ্বিক খ্যাতির চেয়ে বয়োবৃদ্ধ বাবা-মা এবং পরিবারকেই জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার হিসেবে বেছে নিয়েছেন এই প্রযুক্তিবিদ।
সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডইনে দেওয়া এক আবেগাপ্লুত পোস্টে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে কেশবন শানমুগম লিখেছেন, “মাইক্রোসফটে চমৎকার ২৩টি বছর কাটালাম। ভারতে বসবাসকারী আমার বয়স্ক বাবা-মায়ের সঙ্গে আরও বেশি সময় কাটানোর উদ্দেশ্যেই আমি চাকরি থেকে অবসর নিচ্ছি।”
তিনি আরও উল্লেখ করেন, ‘এক্সেল কো-পাইলট’-এর মতো রোমাঞ্চকর প্রকল্প এবং দারুণ সব মেধাবী সহকর্মীদের ছেড়ে যাওয়া মোটেও সহজ ছিল না। তবে জীবনের এই পর্যায়ে এসে কাজ ও ক্যারিয়ারের চেয়ে পরিবার ও আপনজনদের পাশে থাকাকেই তিনি সবচেয়ে সঠিক ও অর্থপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করছেন।