সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত..

Bayzid Islam Joy avatar   
Bayzid Islam Joy
সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত..
সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত..
ছবি: সংগৃহীত
৯৮টি পূজামণ্ডপে নিরাপত্তায় থাকবে আনসার ও পুলিশ, মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ..

 

বায়েজীদ ইসলাম জয়, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

 

নাটোরের সিংড়ায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার ৯৮টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

 

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় সিংড়া পৌরসভার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। সভায় প্রধান অতিথি হিসেবে নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনুর উপস্থিত থাকার কথা ছিল।

 

সভায় জানানো হয়, এ বছর সিংড়া উপজেলায় মোট ৯৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হবে। প্রতিটি পূজামণ্ডপে চারজন পুরুষ ও দুজন নারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুলিশি উপস্থিতি ও টহল জোরদারের মাধ্যমে পূজামণ্ডপসহ আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

সভায় দুর্গাপূজা চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং মাদকদ্রব্যের ব্যবহার ও বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

 

সভায় সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, সিংড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ শামীম হোসেন, আনসার-ভিডিপির প্রতিনিধি এবং সিংড়া পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারসহ উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

এ সময় উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যক্ষ শারফুল ইসলাম বুলবুল, উপজেলা বিএনপির সদস্য বজলার রহমান বাচ্চু ও রফিকুল ইসলাম বুলেট, পৌর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন শাখা, পৌর বিএনপির সদস্য ও সাবেক কমিশনার মইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব উৎপল কুমার উপস্থিত ছিলেন।

 

সভায় ছাত্রদলের নেতারা দুর্গাপূজা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের পাশে থেকে কাজ করার আশ্বাস দেন।

 

সিংড়া উপজেলা শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সভাপতি চাঁন মহন সরদার ও সাধারণ সম্পাদক তাপস সরকারও সভায় উপস্থিত ছিলেন।

 

গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয় এবং সংবাদকর্মী ফয়সাল আহমেদ জনি ও মামুন আলী।

 

সভায় উপস্থিত ব্যক্তিরা সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁদের মতে, সবার সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে দুর্গাপূজা আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা সম্ভব।

Geen reacties gevonden


News Card Generator