সাতক্ষীরায় সাংবাদিকদের পাশে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, বিতরণ ১৭টি সহায়তার চেক.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাতক্ষীরায় সাংবাদিকদের পাশে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, বিতরণ ১৭টি সহায়তার চেক..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক: avatar   
শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক:
সাতক্ষীরায় সাংবাদিকদের পাশে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, বিতরণ ১৭টি সহায়তার চেক..
সাতক্ষীরায় সাংবাদিকদের পাশে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, বিতরণ ১৭টি সহায়তার চেক..
ছবি: সংগৃহীত
****

শেখ আমিনুর হোসেন, সিনিয়র প্রতিবেদক, সাতক্ষীরা: 

আর্থিক অসচ্ছলতা ও চিকিৎসার প্রয়োজন বিবেচনায় সাতক্ষীরার ১৭ জন সাংবাদিকের মধ্যে ৭ লাখ ৯০ হাজার টাকার আর্থিক ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তির এ সহায়তা শুক্রবার (৯ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. মইনুল ইসলাম মইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক (প্রশাসন ও অর্থ) এ. বি. এম. রফিকুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য দেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাতক্ষীরা জেলা যাচাই-বাছাই কমিটির সদস্য ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, নাগরিক নেতা ডা. আবুল কালাম বাবলা, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী এবং সাংবাদিক আসাদুজ্জামান আসাদ।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, অনুসন্ধানী প্রতিবেদন ও জনস্বার্থসংশ্লিষ্ট লেখনীর মাধ্যমে দেশ ও জাতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সাংবাদিক আর্থিক সংকট ও নানা প্রতিকূলতার মুখোমুখি হন। এ পরিস্থিতিতে সাংবাদিকদের কল্যাণে সহায়তা তাঁদের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

বক্তারা আরও আশা প্রকাশ করেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা এবং তাঁদের কল্যাণে সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। একই সঙ্গে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জনস্বার্থ রক্ষায় তাঁদের ভূমিকা আরও জোরালো করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আর্থিক অসচ্ছলতা ও চিকিৎসা সহায়তার প্রয়োজন বিবেচনায় মোট ১৭ জন সাংবাদিকের হাতে ৭ লাখ ৯০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, আর্থিক সংকট ও চিকিৎসার প্রয়োজনে কর্মরত সাংবাদিকদের জন্য এ সহায়তা কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ও মানবিক কল্যাণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Комментариев нет


News Card Generator