ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেশব্যাপী জনসচেতনতা সপ্তাহের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার ২ নম্বর মেদুয়ারী ইউনিয়নের বগাজান বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মেদুয়ারী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইমরান হোসেনের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বগাজান বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। কর্মসূচির কার্যক্রম পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার সেক্রেটারি শহীদুর রহমান শাহীন।
এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বাজারের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেদুয়ারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা খায়রুল বাশার, সেক্রেটারি কারী আবুল কাশেমসহ ইউনিয়ন জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।
আয়োজকরা বলেন, জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।