সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যে লেবেল না থাকা এবং লেবেলবিহীন শিশু খাদ্য বিক্রির অভিযোগে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার সলপ বাজার ও উল্লাপাড়া পৌর শহরের বাজারে উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সলপ বাজারের চারটি প্রতিষ্ঠানকে ২ লাখ ১০ হাজার টাকা এবং পৌর শহরের দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সলপ রেলস্টেশন এলাকার বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা ও নিরাপদ খাদ্য পরিদর্শক নজরুল ইসলাম।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে ঘোল, দই, মাঠা ও ঘি তৈরি এবং এসব খাদ্যপণ্যে প্রয়োজনীয় লেবেল না থাকার বিষয়টি ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালত চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন।
এর মধ্যে কাশেম ঘোল মাঠা দই অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারের মালিক আবুল কাশেমকে ১ লাখ টাকা, সলপ ঘোল অ্যান্ড সাদেক খান দই ঘরের মালিক মো. আব্দুল মালেক খানকে ৫০ হাজার টাকা, সলপ দই ঘরের মালিক আব্দুল খালেক খানকে ৫০ হাজার টাকা এবং সলপ মাঠা ঘোল দই ঘরের মালিক মো. আব্দুর রাজ্জাককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে, উল্লাপাড়া পৌর শহরের বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে পৃথক অভিযান চালানো হয়। এ সময় লেবেলবিহীন শিশু খাদ্য বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে মেসার্স শফিকুল স্টোরের মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মেসার্স শরিফ স্টোরের মালিক শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন বন্ধ করা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা..
ছবি: সংগৃহীত
Nenhum comentário encontrado