মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: দুর্গম ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার কারণে উপজেলা সদরে গিয়ে চিকিৎসা নেওয়া কঠিন হওয়ায় বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের লেংক্লাং পাড়ার বাসিন্দাদের জন্য স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, লেংক্লাং পাড়া ও আশপাশের এলাকার অনেক পরিবারের আর্থিক সামর্থ্যও সীমিত। এ কারণে শনিবার (৩ অক্টোবর) আলীকদম জোনের ব্যবস্থাপনায় লেংক্লাং পাড়ার খিদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে তিন শতাধিক পাহাড়ি মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। এতে মুরুং সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসাসেবা নেন।
ক্যাম্পে আলীকদম জোনের আরএমও ক্যাপ্টেন খন্দকার রায়হান আহমেদের নেতৃত্বে একটি মেডিকেল টিম রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে। পরে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
চিকিৎসা নিতে আসা কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, দুর্গম এলাকা থেকে উপজেলা সদরে গিয়ে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যাতায়াতের সময় ও খরচ দুটোই বেশি। স্থানীয়ভাবে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন।
আলীকদম জোনের কর্মকর্তারা জানান, দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় মৌলিক সেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজনের উদ্যোগ থাকবে।