মৌলভীবাজার পৌর শহরের বাজার এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও জেলা প্রশাসনের যৌথ দল।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত মৌলভীবাজার সদর থানাধীন পৌরসভা এলাকার বিভিন্ন বাজারে মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসআরবি-৯,সিপিসি-২ মৌলভীবাজার ও জেলা প্রশাসন,মৌলভীবাজারের সমন্বয়ে পরিচালিত অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে এস ওয়ান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সামসুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে আহমেদ মুরসালিন ভ্যারাইটি স্টোরের তামিমকে একই আইনের ৪৫ ধারায় ৩ হাজার টাকা এবং এ আর খান ব্রাদার্সের সানুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসআরবি-৯ জানায়,মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ,নির্ধারিত পরিমাণের চেয়ে কম পণ্য দেওয়া এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
জনস্বার্থে এ ধরনের মনিটরিং,অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এসআরবি-৯,সিলেটের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।