সীতাকুণ্ডে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মনসুরের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
এম জামশেদ আলম,
সীতাকুণ্ড (চট্টগ্রাম)
এম জামশেদ আলম,
সীতাকুণ্ড (চট্টগ্রাম)
সীতাকুণ্ডে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ আবুল মনসুরের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সীতাকুণ্ড পৌরসদরস্থ এলকে সিদ্দিকী স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মুরছালিন।
প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সৈয়দ আবুল মনসুর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দীর্ঘ কর্মজীবনে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, দল-মত নির্বিশেষে সবাইকে সম্মান করা এবং সবার সঙ্গে মিলেমিশে চলার গুণাবলি তাঁর মধ্যে ছিল।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা হিসেবেও সৈয়দ আবুল মনসুর সংকীর্ণ দলীয় চিন্তার ঊর্ধ্বে থেকে সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের প্রতি আনুগত্য ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি অঙ্গীকার থেকে তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন।
আসলাম চৌধুরী আরও বলেন, কঠিন রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানা সত্ত্বেও সৈয়দ আবুল মনসুর দলের সিদ্ধান্ত মেনে নির্বাচনে অংশগ্রহণ করেন। তাঁর পরিবারও বিভিন্ন সময়ে হয়রানির শিকার হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধার বিচক্ষণতা, দক্ষতা ও সবার সঙ্গে সামঞ্জস্য রেখে চলার গুণাবলির কথা উল্লেখ করে আসলাম চৌধুরী বলেন, তাঁর ভালো দিক ও আদর্শ অনুসরণ করে সামনে এগিয়ে যেতে হবে। তিনি মরহুমের পরিবারের সদস্যদের পাশে থাকারও আশ্বাস দেন।
শোকসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কামাল কদর, ইউসুফ নিজামী, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, ছালামত উল্লাহ, পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলু, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী ও আব্দুল মান্নান এবং দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. মুনতাকিম হাকিম।
এ সময় উপস্থিত ছিলেন কামাল উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা বখতিয়ার উদ্দিন, মুস্তাফিজুর রহমান হিরো, কাজী এনাম, খুরশেদ আলম মেম্বার, কোরবান আলী সাহেদ, মো. ইসমাইল হোসেন, কাউন্সিলর মো. সেলিম, বাজার কমিটির সভাপতি মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রফিক, সহসভাপতি নুর মোহাম্মদ, কামরুল ইসলাম বাবলু ও শ্রমিক নেতা মো. আলাউদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শোকসভায় প্রয়াত সৈয়দ আবুল মনসুরের ছেলে শাহিনুর পারভেজ এবং লন্ডনপ্রবাসী মেয়ে শাহিনুল সুলতানা সুমি উপস্থিত ছিলেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, দলিল লেখক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মনসুরের রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।
অনুষ্ঠানের শেষে মরহুম সৈয়দ আবুল মনসুরের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।