মুকসুদপুর পৌরসভায় নাগরিক সেবা জোরদারে টিএলসিসির একাধিক সিদ্ধান্ত
মোঃ মামুন মোল্লা মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
নাগরিক সেবা দ্রুত ও জনবান্ধব করা, পৌরসভার রাজস্ব আয় বাড়ানো, বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন এবং মশক নিধন কার্যক্রম জোরদারে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সাধারণ সভায়। একই সঙ্গে পৌরসভার চলমান উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে শেষ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় মুকসুদপুর পৌরসভা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুকসুদপুর পৌরসভার প্রশাসক মাহমুদ আশিক কবির। সভা সঞ্চালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) এ এইচ এম রকিবুল ইসলাম।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ভীষ্মদেব মণ্ডল, ফরিদ আহমেদ মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া,(সদস্য) সাবেক পৌর বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু।
বক্তারা পৌরবাসীর নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পৌর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়মিত বর্জ্য অপসারণ, ড্রেন পরিষ্কার এবং ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সভায় নাগরিক সেবা সহজ করতে সেবা কেন্দ্র শক্তিশালীকরণ, নাগরিক সেবা ডিজিটালাইজেশন, ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার চালু এবং নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া পৌরসভার নগর অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে আরইউটিডিপি প্রকল্পের আওতায় চলমান কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রকল্পভুক্ত কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
পৌরসভার নিজস্ব আয় বাড়াতে গৃহকর ও অন্যান্য কর আদায়ে বিশেষ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। ওয়ার্ডভিত্তিক বিশেষ কর আদায় কার্যক্রম পরিচালনা এবং বকেয়া করদাতাদের তাগিদপত্র দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা প্রকৌশলী বি. এম. মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম নাঈম, পৌর বিএনপির আবুল বাশার টুলটু বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সায়াদ উদ্দিন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জাকিয়া রহমান, সাবেক পৌর কাউন্সিলর নেয়ামতখা এবং টিএলসিসির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।