স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ
মোঃ মামুন মোল্লা মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবি, মারধর ও পারিবারিক নির্যাতনের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন বাবলী বেগম (২১) নামে এক নারী।
অভিযোগকারী বাবলী বেগম মুকসুদপুর উপজেলার বাহিরবাগ এলাকার বাবু মিয়ার মেয়ে। তার সঙ্গে প্রায় চার বছর আগে পারিবারিকভাবে আব্দুল্লাহ শেখের বিয়ে হয়। তাদের সংসারে আব্দুল করিম শেখ নামে চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
বাবলী বেগমের অভিযোগ, তার স্বামী নুরানী তালীমুল কুরআন মাদ্রাসায় শিক্ষকতা করেন। একই মাদ্রাসার শিক্ষিকা (মুয়াল্লিমা) সেতু ইসলামের সঙ্গে তার স্বামীর পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে তিনি জানতে পারেন। একপর্যায়ে তিনি বিষয়টি বুঝতে পেরে তাদের হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি করেন। পরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলে তার স্বামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাবলীর দাবি, এরপর থেকেই তার ওপর অমানবিক নির্যাতন শুরু হয়। তার স্বামী বিভিন্ন সময় যৌতুক দাবি করতেন এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করতেন। পরিবারের অন্য সদস্যরাও তাকে নির্যাতন করতেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে আদালতে যৌতুকের মামলা করেন বলে জানান বাবলী বেগম। মামলার সাক্ষী শাহজালাল উদ্দিন ঝন্টু ফকির , যিনি তার চাচা, তাকে নিয়েও তার স্বামী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের অপপ্রচার ও আপত্তিকর বক্তব্য প্রচার করছেন বলে অভিযোগ করেন তিনি।
এসব অভিযোগের প্রতিকার চেয়ে বাবলী বেগম তার বাবাকে সঙ্গে নিয়ে ২৫ সেপ্টেম্বর ২০২৬ মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার জন্য সাংবাদিকদের কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহ শেখের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ | আই নিউজ বিডি
স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ
'আই নিউজ বিডি' অ্যাপ
הערות 0