মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি॥
হবিগঞ্জের মাধবপুরে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গারবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে তোফাজ্জল হোসেন ও আবু সালেক মিয়ার দোকানে কৃষি উপকরণ বিক্রির প্রয়োজনীয় লাইসেন্স না থাকার বিষয়টি ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উভয় ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, ওই দুই ব্যবসায়ী কীটনাশক বিক্রির সঙ্গে জড়িত। তবে সংশ্লিষ্ট অনুমোদন ও লাইসেন্স ছাড়াই তারা সার বিক্রি করছিলেন। এ সময় কৃষি উপকরণ বিক্রিতে সরকারি বিধিবিধান ও প্রয়োজনীয় লাইসেন্স নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, “কৃষি উপকরণ বিক্রিতে সরকারি বিধিবিধান ও লাইসেন্স নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”