মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবানের আলীকদম উপজেলায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর তৃণমূল পর্যায়ের এ নির্বাচনকে সামনে রেখে ৩টি ইউনিয়নে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
উপজেলা জামায়াত কার্যালয় সূত্র জানায়, দলীয় সিদ্ধান্ত ও তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আলীকদম উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে প্রাথমিক পর্যায়ে ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদের জন্য যোগ্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। বাকি ১টি ইউনিয়নের প্রার্থিতা পরবর্তীতে ঘোষণা করা হতে পারে।
মনোনীত প্রার্থীরা হলেন: আলীকদম সদর ইউনিয়নে জনাব রেজাউল করিম, নয়াপাড়া ইউনিয়নে জনাব মুরাদুল ইসলাম এবং চৈক্ষ্যং ইউনিয়নে জনাব আমান উল্লাহ।
প্রার্থী ঘোষণার পর উপজেলা জামায়াতের স্থানীয় আমীর জানান, একটি নিয়মতান্ত্রিক ও সুসংগঠিত দল হিসেবে জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে ছিল। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে সাধারণ মানুষ জামায়াতের প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করবে বলে তারা আশাবাদী।
এদিকে প্রার্থী ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা মাঠে নেমে পড়েছেন এবং সামাজিক ও সাংগঠনিক যোগাযোগ জোরদার করছেন। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার রাজনৈতিক অঙ্গনে বেশ তৎপরতা দেখা যাচ্ছে।