মোঃ রায়হান মিয়া, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার ৮৪ নং আইনগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আইনগিরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান। তিনি মেধাবী, দক্ষ, ভদ্র ও নম্র ব্যক্তি হিসেবে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে পরিচিত।
সভাপতি নির্বাচিত হওয়ার পর মোঃ কামরুজ্জামান বলেন, “আমি আমার বিদ্যালয়ে যেভাবে লেখাপড়ার মান ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি, তদ্রূপ ৮৪ নং আইনগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের জন্যও ইনশাআল্লাহ আন্তরিকভাবে কাজ করে যাব। শিশুরা যেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষায় এগিয়ে গিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সে বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়েই শিশুদের শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত সহযোগিতা গুরুত্বপূর্ণ।
এদিকে মোঃ কামরুজ্জামান সভাপতি নির্বাচিত হওয়ায় ৮৪ নং আইনগিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। তাদের মতে, একজন মেধাবী, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষাবিদকে সভাপতি হিসেবে পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা করছেন।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা নতুন সভাপতির নেতৃত্বে শিক্ষার মানোন্নয়ন, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমসহ শিক্ষার্থীদের নৈতিক বিকাশে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।