সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন, ২০২৬-এর ১২(২) ধারা অনুযায়ী এহসান মাহমুদকে চুক্তিভিত্তিক মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনকালে এহসান মাহমুদ অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ নিয়োগ দেওয়া হয়েছে।
সাংবাদিকতায় দীর্ঘ অভিজ্ঞতা
এহসান মাহমুদ দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। কর্মজীবনে তিনি দৈনিক সমকাল, দেশ রূপান্তর, ভয়েস অব আমেরিকা বাংলা, মানবজমিন ও নেত্র নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি সাহিত্যচর্চার সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে উপন্যাস ‘একাত্তরের লালমিয়া’ ও ‘কোকিল অসময়ে ডাকিয়াছিল’। এছাড়া তার কবিতার বই ‘আদিবাসী প্রেমিকার মুখ’ পাঠকমহলে পরিচিত।
এহসান মাহমুদের প্রবন্ধ ও রাজনীতি বিষয়ক বিভিন্ন লেখাও প্রকাশিত হয়েছে।
নতুন দায়িত্বে তিনি জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।