বরগুনার আমতলীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২ কেজি ৩৫ গ্রাম গাঁজাসহ মো. সজল হাওলাদার (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে আমতলী ইউনিয়নের মানিকঝুড়ি বাজার এলাকায় আমতলী-কুয়াকাটা মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সজল হাওলাদার বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল এলাকার মো. আব্দুল লতিফ হাওলাদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সজল হাওলাদারকে আটক করে তাঁর কাছ থেকে ২ কেজি ৩৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের ব্যাগও জব্দ করা হয়েছে।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ কেজি ৩৫ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
আমতলীতে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
****
কোন মন্তব্য পাওয়া যায়নি