সুনামগঞ্জের ছাতকে ৯৯ কোটি টাকায় ৪ লেন সড়কের নির্মাণকাজ শুরু।
জুনেদ আহমদ রুনু,
ছাতক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ছাতকে যানজট নিরসন ও যাতায়াত ব্যবস্থার উন্নয়নে বহুল প্রতীক্ষিত ৪ লেন সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) ছাতক ট্রাফিক পয়েন্টে ফলক উন্মোচনের মাধ্যমে কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৯৯ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পে গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার আঞ্চলিক সড়কের ৯.৩ থেকে ১৩ কিলোমিটার পর্যন্ত অংশ ৪ লেনে উন্নীত করা হবে। ১৮ মাস মেয়াদি এই প্রকল্পে বিভাজক, ফুটপাত, ড্রেন, বাস বে ও সংযোগস্থল নির্মাণের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সড়কটি নির্মিত হলে ছাতক শহরের দীর্ঘদিনের যানজট কমে আসার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন স্থানীয়রা।
Aplikasi 'Eye News BD'
Komentar 0