রুহিয়ায় বেগুন চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

রুহিয়ায় বেগুন চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা

শাহাজাদ ইসলাম avatar   
শাহাজাদ ইসলাম
রুহিয়ায় বেগুন চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা
রুহিয়ায় বেগুন চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় লাল তীর জাতের বেগুন চাষ করে বাম্পার ফলন ও কাঙ্ক্ষিত দাম পেয়ে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা..

এখানকার উৎপাদিত বেগুন স্থানীয় চাহিদাপূরণের পাশাপাশি ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। সরেজমিনে রুহিয়া উপজেলার রাজাগাঁও ইউনিয়নের টাঙ্গন ব্রিজ সংলগ্ন উত্তর বঠিনা চাঁদপুর ক্যাম্প এলাকায় গিয়ে দেখা যায় নদীর তীরঘেঁষে চলছে বেগুন কেনাবেচার ব্যস্ততা। পাইকাররা সরাসরি মাঠ থেকেই কৃষকদের কাছ থেকে বেগুন সংগ্রহ করছেন। কথা হয় স্থানীয় কৃষক লোকমান, সোহান, জব্বার মাস্টার ও মনসুরের সঙ্গে। তারা জানান, চলতি মৌসুমে লাল তীরের বেগুন আবাদ করে বেশ ভালো মুনাফা পাচ্ছেন। কৃষক লোকমান বলেন, আমি এবার ৩ বিঘা জমিতে লাল তীর বীজের বেগুন চাষ করেছি। এতে আমার মোট খরচ হয়েছে ৬০ হাজার টাকা। এ পর্যন্ত ৮০ হাজার টাকার বেগুন বিক্রি করেছি। ক্ষেতে যে পরিমাণ বেগুন রয়েছে, তাতে সব মিলিয়ে সর্বমোট ৩ লাখ টাকার বেগুন বিক্রি হবে বলে আশা করছি। এতে সব খরচ বাদ দিয়ে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা নিট লাভ থাকবে। একই এলাকার কৃষক আবু কালাম, সাদেক হোসেন ও জালালসহ আরও অনেকেই জানান, লাল তীর জাতের বেগুনের ফলন ও বাজার দর দুটোই ভালো পাওয়ায় তারা আর্থিকভাবে ঘুরে দাঁড়াচ্ছেন। এ বিষয়ে রুহিয়া উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নাসিরুল আলম জানান, কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের বেগুনসহ নানা জাতের সবজি চাষে নিয়মিত উৎসাহিত ও পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে বাজারে বেগুনের উপযুক্ত দাম থাকায় কৃষকরা ভালো লাভ করতে পারছেন। তিনি আরও জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের সব ধরনের কারিগরি ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

 

 

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator