তালায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বিয়ে | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

তালায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বিয়ে

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
তালায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বিয়ে
তালায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বিয়ে
ছবি: সংগৃহীত

তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বিয়ের তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:

 

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বিয়ের তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন। তবে এসব বিয়ের কোনো আনুষ্ঠানিকতা বা নিবন্ধন হয়নি বলে জানিয়েছে প্রশাসন। বিষয়টি জানার পর ছাত্রীদের অভিভাবকদের ডেকে বাল্যবিয়ে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিদ্যালয়ে ফিরিয়ে এনে পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর '২৬) তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১১ ছাত্রী ও তাদের অভিভাবকদের নোটিশ দিয়ে ডাকা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা তাদের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিয়ে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা দেন।

জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, জানুয়ারি থেকে ৩১ অক্টোবরের মধ্যে একই বিদ্যালয়ের ১১ শিক্ষার্থীর ধাপে ধাপে পারিবারিকভাবে মৌখিক বিয়ে হয়েছে। পরবর্তী সময়ে আরও দুজনের তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে ১৩ জনের গোপনে মৌখিকভাবে বিয়ে দেওয়া হয়েছে। তবে বিয়েগুলোর কোনো আনুষ্ঠানিকতা বা নিবন্ধন হয়নি। অনেকের ক্ষেত্রে একে অপরের দেখাদেখি করে বিয়ে ঠিক করে রাখা হয়েছিল।’

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, ১৩ ছাত্রীর বিয়ের তথ্য পাওয়ার পর ১১ জন ছাত্রী ও তাদের অভিভাবকদের নোটিশ দেওয়া হয়েছে। বাকি দুজনকে নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলছে। নোটিশের পর নির্ধারিত সময়ে আট ছাত্রীসহ ১১ জনের অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন।

তিনি বলেন, অভিভাবকদের সঙ্গে কথা বলে বাল্যবিয়ে বন্ধ রাখার বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ছাত্রীদের সংসারে না পাঠিয়ে বিদ্যালয়ে ফিরিয়ে এনে পড়াশোনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, ‘একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বিয়ের বিষয়টি জানার পর তাদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তারা যেন সংসারে ফিরে না গিয়ে বিদ্যালয়ে ফিরে আসে এবং পড়াশোনা চালিয়ে যায়, সে বিষয়ে অভিভাবকদের নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদেরও শিক্ষার্থীদের বিষয়ে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান, তালা থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান, ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

No comments found


News Card Generator