'আপা গেছে কোটায়, ভাইয়া যাবে ভাইভায়' স্লোগানে উত্তাল ইবি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

'আপা গেছে কোটায়, ভাইয়া যাবে ভাইভায়' স্লোগানে উত্তাল ইবি..

A R Khalid avatar   
A R Khalid
'আপা গেছে কোটায়, ভাইয়া যাবে ভাইভায়' স্লোগানে উত্তাল ইবি..
'আপা গেছে কোটায়, ভাইয়া যাবে ভাইভায়' স্লোগানে উত্তাল ইবি..
ছবি: সংগৃহীত

****

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগে লিখিত পরীক্ষার পাস নম্বর কমিয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষার নম্বর অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইবি শাখা। বিক্ষোভ মিছিলে 'আপা গেছে কোটায়, ভাইয়া যাবে ভাইভায়' স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টায় জিয়া মোড় থেকে প্রতিবাদী মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা, 'আপা গেছে কোটায়, ভাইয়া যাবে ভাইভায়', 'কোটা গেছে দিল্লিতে, ভাইভা যাবে লন্ডনে', 'আপায় গেছে যেই পথে, ভাইয়া যাবে সেই পথে', 'নব্য কোটার নাম কি, ভাইভা ছাড়া আর কি', 'দিকে দিকে খবর দে, ভাইভা প্রথার কবর দে', 'চলবে নারে চলবে না, ভাইভার নামে দলীয়করণ', 'নিয়োগ নিয়ে তালবাহানা, মানি না মানবো না', সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে শাখা শিবির সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, 'চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে হাজারো শহিদের রক্তের বিনিময়ে আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই কয়লেও, বর্তমান সরকার আবারও চাকরির ক্ষেত্রে বৈষম্য ও স্বজনপ্রীতি প্রতিষ্ঠার চেষ্টা করছে। সরকারি চাকরির ভাইভা বোর্ড, এনটিআরসিএ সহ বিভিন্ন নিয়োগে যে বৈষম্য ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে, তা অবিলম্বে প্রত্যাহার করে এর সাথে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।'

শাখা শিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, 'দলীয়করণের লক্ষ্যে ষড়যন্ত্রমূলকভাবে ভাইভায় নম্বর বাড়িয়ে দলীয় লোক নিয়োগের চেষ্টা চলছে। গত ৫ তারিখে চাকরির প্রলোভন দেখিয়ে ক্যাম্পাসে অনিয়ম ঘটানোর চেষ্টা হয়েছে দাবি করে অস্ত্রধারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। এছাড়া শহিদ জিয়াউর রহমান হলসহ বিভিন্ন হলের প্রভোস্টের মাধ্যমে অবৈধভাবে শিক্ষার্থী তোলার অভিযোগ তুলে আগামী তিন দিনের মধ্যে তাদের বের করে দেওয়ার আলটিমেটাম দেন তিনি, অন্যথায় এর দায় প্রশাসনকে নিতে হবে বলে জানান।'

তিনি নিয়োগ সার্কুলারে ১০০% মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ বাস্তবায়ন, ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু, সার্টিফিকেট প্রাপ্তিতে ভোগান্তি নিরসন এবং হলে ১০০% আবাসন নিশ্চিতেরও দাবি জানান।

প্রসঙ্গত, গত ০৬ সেপ্টেম্বর সরকার ১১ থেকে ২০তম গ্রেডের চাকরির নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পাশাপাশি লিখিত পরীক্ষায় পাস নম্বর কমানোর মাধ্যমে নিয়োগ বিধিমালা পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়, দক্ষ ও যোগ্য প্রশাসনিক জনবল নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

এ আর খালিদ 
ইবি প্রতিনিধি
মোবাইল: ০১৬৪৫৩৬৩৬৩১
তারিখ: ০৮.০৯.২০২৬

Inga kommentarer hittades


News Card Generator