মোঃ মিনহাজুল ইসলাম
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি থেকে থানাঘাট যাওয়ার পথে গলাচিপা এলাকায় দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে বাঁশের তৈরি সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে তাদের। সাঁকো পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। এতে কেউ হাত-পায়ে আঘাত পেয়েছেন, আবার কারও হাত ভেঙে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দক্ষিণ পাথরডুবি ও থানাঘাট এলাকার মানুষের যাতায়াতের জন্য পথটি গুরুত্বপূর্ণ। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ পথে চলাচল করেন। কিন্তু গলাচিপা এলাকায় সেতু না থাকায় বাঁশের সাঁকোই তাদের একমাত্র ভরসা।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাঁকোটি দিয়ে পারাপারের সময় অনেকেই ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি বেড়ে গেলে এবং সাঁকো পিচ্ছিল হয়ে পড়লে ঝুঁকি আরও বাড়ে। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য পরিস্থিতি আরও দুর্ভোগের।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের মতে, সেতুটি নির্মাণ করা হলে কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমবে।
এ বিষয়ে পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, ঢাকা থেকে আগত পিডি (প্রকল্প পরিচালক) ও ইঞ্জিনিয়ারদের বিষয়টি দেখানো হয়েছে। সাবেক এমপি মহোদয়দেরও কয়েকবার দেখানো হয়েছে। বর্তমান এমপি মহোদয়কেও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এ পর্যন্ত কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।
এলাকাবাসী বলছেন, বাঁশের সাঁকোর পরিবর্তে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা এখন সময়ের দাবি। দুর্ঘটনা ও জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে—এমন প্রত্যাশা তাদের।
App „Eye News BD“
Bemerkungen 0