সাংবাদিক পরিচয়ে দালালি বন্ধের দাবি  | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাংবাদিক পরিচয়ে দালালি বন্ধের দাবি 

ইস্পাহানী ইমরান avatar   
ইস্পাহানী ইমরান
সাংবাদিক পরিচয়ে দালালি বন্ধের দাবি 
সাংবাদিক পরিচয়ে দালালি বন্ধের দাবি 
ছবি: সংগৃহীত
কেরানীগঞ্জসহ সারাদেশে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের প্রতিবাদ..

সাংবাদিক পরিচয় ব্যবহার করে সরকারি-বেসরকারি দপ্তরে দালালি, জনগণের কাছ থেকে অর্থ আদায় এবং কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখানোর অভিযোগের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি মো. কুতুব উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের কাজ হলো সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা। সাংবাদিক পরিচয় ব্যবহার করে কোনো দপ্তরে দালালি করা, অর্থের বিনিময়ে সরকারি-বেসরকারি কাজ করিয়ে দেওয়া কিংবা কর্মকর্তা-কর্মচারীদের হুমকি-ধমকি দেওয়া সাংবাদিকতার নীতি ও পেশাগত মর্যাদার পরিপন্থী।

সংগঠনের সভাপতি মো. কুতুব উদ্দিন বলেন, কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় একটি শ্রেণি সাংবাদিক পরিচয়কে ব্যবহার করে সরকারি দপ্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এতে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সাংবাদিকতা পেশা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

তিনি বলেন, ‘সাংবাদিকরা দপ্তরে যাবেন, তবে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে। তথ্য যাচাই করবেন এবং বস্তুনিষ্ঠভাবে তা প্রকাশ করবেন। কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে অযথা হয়রানি বা ভয়ভীতি দেখানোর সুযোগ নেই।’

বিবৃতিতে আরও বলা হয়, ভূমি অফিস, উপজেলা প্রশাসন, থানা ও বিভিন্ন সরকারি দপ্তরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে মামলা-মোকদ্দমা কিংবা বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার নামে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে প্রকৃত সাংবাদিকতার কোনো সম্পর্ক নেই।

ফোরামের নেতারা বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ অপরাধে জড়ালে তার দায় প্রকৃত সাংবাদিক সমাজের ওপর চাপানো উচিত নয়। একই সঙ্গে এমন কর্মকাণ্ড বন্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম জানায়, সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ, আইনি সহায়তা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সংগঠনটি কাজ করে আসছে।

সংগঠনটির পক্ষ থেকে সরকার, প্রশাসন ও গণমাধ্যম সংশ্লিষ্টদের প্রতি অপ-সাংবাদিকতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রকৃত সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

Geen reacties gevonden


News Card Generator