সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের প্রথম কর্মসূচি হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগে খাদ্য মন্ত্রণালয়-সংক্রান্ত একটি বৈঠকে অংশ নেন তিনি।
পরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সচিবালয় থেকে গাড়িবহর ছাড়াই পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
সচিবালয়ের পাশের ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ করা হয়।
প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী সচিবালয়ের ভেতর থেকে দক্ষিণ দিকের মূল গেট দিয়ে বের হন। এ সময় তার সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের পাশাপাশি ব্যক্তিগত কর্মকর্তা ও প্রেস উইংয়ের সদস্যরা ছিলেন।
প্রধানমন্ত্রী পায়ে হেঁটে অনুষ্ঠানস্থলের দিকে যাওয়ার সময় সচিবালয়ের আশপাশের পথচারীরা তাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।
প্রধানমন্ত্রীর এভাবে গাড়িবহর ছাড়া পায়ে হেঁটে সরকারি অনুষ্ঠানে যাওয়ার বিষয়টি উপস্থিত পথচারী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আগ্রহের সৃষ্টি করে।