সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বাণিজ্যিক ব্যবহার ও… | আই নিউজ বিডি

সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বাণিজ্যিক ব্যবহার ও ক্ষয়ক্ষতির অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহাসিক বড় সরদার বাড়ি রক্ষা এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।..
Eidok-এ শেয়ার
সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের  বাণিজ্যিক ব্যবহার ও ক্ষয়ক্ষতির অভিযোগ
ছবি: সংগৃহীত

আব্দুল কাইয়ুম নাহিদ ,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

সোমবার (৩১ আগস্ট) দুপুরে সোনারগাঁও জাদুঘর ১ নম্বর গেটের সামনে সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গন ও সুজন সুশাসনের জন্য নাগরিকের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে সাংস্কৃতিক কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মতামত তুলে ধরতে দেখা গেছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, সোনারগাঁয়ের বড় সরদার বাড়ি দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তাই এর সংরক্ষণ ও ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়মের অভিযোগ থাকলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে সম্প্রতি ঐতিহাসিক স্থাপনাটিতে কোক স্টুডিও বাংলার শুটিংয়ের অনুমতি দেওয়ার বিষয়টিও তদন্তের দাবি জানাচ্ছি।

সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েস বলেন, সোনারগাঁ বাংলার ইতিহাস-ঐতিহ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রায় ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি জাতীয় প্রত্নসম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। অথচ কোক স্টুডিও বাংলা সিজন-৪ এর শুটিংয়ের জন্য স্থাপনাটি মাত্র ছয় লাখ টাকায় ভাড়া দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যার তথ্য ও অভিযোগ আমাদের কাছে এসেছে।

চার দিন ধরে চলা শুটিংয়ে ভারী লাইটিং, জেনারেটর ও বিভিন্ন শুটিং সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। স্থাপনার দেয়ালে গজাল ও রড ব্যবহারের অভিযোগও রয়েছে। শুটিং শেষে বাড়িটির বিভিন্ন স্থানে দেয়াল ও স্থাপনার অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়াও দৃশ্যমান ক্ষতির পাশাপাশি স্থাপনাটির কাঠামোগত কোনো ক্ষতি হয়েছে কিনা, তা বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করা প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, বড় সরদার বাড়ি সংরক্ষণ ও পুনরুদ্ধারে অতীতে প্রায় ২৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এমন একটি ঐতিহাসিক স্থাপনা কীভাবে মাত্র ছয় লাখ টাকার বিনিময়ে বাণিজ্যিক শুটিংয়ের জন্য ব্যবহারের অনুমতি পেল, সেটি তদন্ত হওয়া প্রয়োজন।

শুটিংয়ের আগে স্থাপত্য বিশেষজ্ঞরা ফাউন্ডেশনের সংশ্লিষ্টদের স্থাপনাটির ভেতরে শুটিং না করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু এরপরও শুটিং হয়ে থাকলে অনুমতি দেওয়ার প্রক্রিয়া,সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং নির্ধারিত শর্তগুলো তদন্তের আওতায় আনা উচিত।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, বড় সরদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এমন স্থাপনায় বাণিজ্যিক শুটিংয়ের অনুমতি দেওয়া পুরোপুরি অযৌক্তিক। মাত্র ছয় লাখ টাকার বিনিময়ে ঐতিহাসিক স্থাপনা ব্যবহারের অনুমতি দেওয়া হয়ে থাকলে এর জবাবদিহি অবশ্যই নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, পরিচালকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্তে কোনো ধরনের প্রভাব বা হস্তক্ষেপ থাকা উচিত নয়। এজন্য স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানান তিনি। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে শুধু অপসারণ নয়, আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বক্তারা বড় সরদার বাড়ির ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক ও প্রত্নতাত্ত্বিক মূল্যায়ন, কোক স্টুডিও বাংলার শুটিংয়ের অনুমতি দেওয়ার প্রক্রিয়া তদন্ত এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালকের বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

সুবর্ণগ্রাম সংস্কৃতি অঙ্গনের সভাপতি কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসর সভাপতিত্বে সুজন সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সংগঠনের সহসভাপতি কবি রহমান মুজিব, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সুজন- সুশাসনের জন্য নাগরিক নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ধীমান সাহা জুয়েলসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক নেতারা উপস্থিত ছিলেন।

ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম জানান, বাণিজ্যিক শুটিংয়ের নির্ধারিত নীতিমালা মেনেই স্পটটি ভাড়া দেওয়া হয়েছিল। শুটিংয়ের কারণে বড় সরদার বাড়ির কাঠামোগত কোনো ক্ষতি হয়নি এবং ক্ষতিগ্রস্ত দাবি করা অংশগুলো আগে থেকেই জরাজীর্ণ ছিল। নিয়ম অনুযায়ী প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ করা হচ্ছে।

 

הערות 0

לא נמצאו הערות

מאמרים קשורים

সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল אַחֵר সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 74 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় אַחֵר সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 106 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন אַחֵר শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 73 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন אַחֵר গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 107 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন אַחֵר ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 115 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন אַחֵר সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 Views মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর אַחֵר মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর 87 Views