রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম সার্কিট হাউজে এইচএসবিসি ব্যাংকের আর্থিক সহায়তায় এবং এনজিও সংস্থা ব্র্যাকের বাস্তবায়নে ‘চট্টগ্রাম অঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন সহায়তা প্রকল্প’-এর উদ্বোধন ও প্রকল্প পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারি সেবায় বেসরকারি অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ
মন্ত্রী বলেন, উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রমে বেসরকারি খাত ও এনজিওগুলোর অংশগ্রহণ বাড়ানো হচ্ছে। অতীতে সরকার, বেসরকারি খাত ও এনজিওগুলোর কার্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় ছিল না। তবে বর্তমান সরকার এসব পক্ষের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও পুনর্গঠনে নিবিড়ভাবে কাজ করছে এবং তাদের উৎসাহ ও সহযোগিতা দিচ্ছে।
এর ফলে দুর্নীতি কমার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত এবং সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আমির খসরু বলেন, সরকারের পক্ষে সব ক্ষেত্রে সরাসরি জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়া সবসময় সহজ নয়। সেবা প্রদানের ব্যবস্থায় বেসরকারি খাত ও এনজিওগুলোকে যুক্ত করা হলে একদিকে কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন হয়, অন্যদিকে অপচয় ও দুর্নীতির সুযোগও কমে আসে।
তিনি আরও বলেন, কমিউনিটি পর্যায়ে যাদের অংশগ্রহণ ও সম্পৃক্ততা বেশি, তারা এগিয়ে এলে দুর্নীতি কমার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও অনেক সহজ হয়। এ কারণে অন্যান্য প্রতিষ্ঠানকেও এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বন্যাকবলিত পরিবারগুলোর পুনর্বাসনে ১০ কোটি টাকার প্রকল্প
সভায় জানানো হয়, জুলাই মাসের আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম অঞ্চলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রাথমিক পুনরুদ্ধার ও পুনর্বাসন নিশ্চিত করাই প্রকল্পটির মূল উদ্দেশ্য।
প্রকল্পের আওতায় নিরাপদ আবাসন, সুপেয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, জীবিকা, কৃষি এবং শিক্ষা খাত পুনরুদ্ধারে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হবে।
চট্টগ্রাম জেলার বাঁশখালী ও সাতকানিয়া উপজেলা, কক্সবাজারের চকরিয়া উপজেলা এবং চট্টগ্রাম নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডে ব্র্যাক এসব পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করবে।
প্রকল্পের আওতায় যেসব কার্যক্রম নেওয়া হয়েছে—
- ৪০০টি পরিবারকে নতুন ল্যাট্রিন নির্মাণে সহায়তা দেওয়া হবে।
- ৩০টি টিউবওয়েল মেরামত ও পুনর্নির্মাণ করা হবে।
- ৩০০টি পরিবারকে জীবিকা পুনরুদ্ধারে সম্পদ ও প্রয়োজনীয় উপকরণ সহায়তা দেওয়া হবে।
- ২৫০টি পরিবারকে বন্যায় ক্ষতিগ্রস্ত বসতঘর মেরামত ও পুনর্নির্মাণে সহায়তা করা হবে।
- ৬০০টি পরিবারকে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বৃদ্ধির জন্য কৃষি উপকরণ দেওয়া হবে।
- অ্যাডাপটেশন ক্লিনিকের মাধ্যমে কারিগরি পরামর্শ সেবা দেওয়া হবে।
- ৫০টি ক্ষতিগ্রস্ত বিদ্যালয় মেরামত ও পুনর্নির্মাণ করা হবে।
- ১০ হাজার শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
- কমিউনিটি স্কুল ম্যানেজমেন্ট কমিটি এবং অপারেশন ও মেইনটেন্যান্স কমিটির সদস্যদের নিয়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বিষয়ে ৩০০টি সচেতনতামূলক সেশন পরিচালনা করা হবে।
- বিভাগীয় পর্যায়ে জলাবদ্ধতা ও ভূমিধস বিষয়ে গোলটেবিল আলোচনার আয়োজন করা হবে।
সাত মাস চলবে প্রকল্প
সাত মাস মেয়াদি এই পুনর্বাসন প্রকল্পের পুরো ব্যয় বহন করবে এইচএসবিসি ব্যাংক। প্রকল্পটির জন্য মোট ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আবাসন, জীবিকা, কৃষি, পানি, স্যানিটেশন ও শিক্ষা ব্যবস্থার প্রাথমিক পুনরুদ্ধারে সহায়তা করা হবে বলে সভায় জানানো হয়।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bemerkungen 0