সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস..
সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস..
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস।..

বুধবার রাত ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার পর ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের ইতিবাচক পরামর্শ পাওয়ার পরই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

মার্চে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

চলতি বছরের ১১ মার্চ পবিত্র রমজান মাসে ইফতারের সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস।

তাকে ওই রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়।

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।

এরপর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি

বিদেশে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১ আগস্ট মির্জা আব্বাসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।

দীর্ঘ চিকিৎসা শেষে চিকিৎসকদের ইতিবাচক পরামর্শ পাওয়ার পর আগামী বুধবার দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

コメントがありません


News Card Generator