গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে নতুন আসনবিন্যাসে প্রধানমন্ত্রী ও সংসদ নেতার পাশের আসনে সালাহউদ্দিন আহমদকে বসতে দেখা যায়।
তবে তাঁকে সংসদের উপনেতা করার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন আসনবিন্যাসকে সরাসরি উপনেতা হওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। তবে গুরুত্বপূর্ণ এই আসনে তাঁকে বসানোকে ইঙ্গিতবহ মনে করছেন অনেকে।
সংসদের উপনেতা কে হবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর।
মির্জা ফখরুলের আসনে সালাহউদ্দিন
এত দিন সংসদ নেতা তারেক রহমানের পাশের আসনে বসতেন বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। একই সঙ্গে তাঁর সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ শূন্য ঘোষণা করা হয়েছে।
নতুন আসনবিন্যাসে মির্জা ফখরুলের আসনে উঠে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর পাশের আসনে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সালাহউদ্দিনের আগের আসনে এখন বসছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন। আর ট্রেজারি বেঞ্চের প্রথম সারির ১০টি আসনের নতুন বিন্যাসে পেছনের সারি থেকে সামনে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য আমানউল্লাহ আমান।
কেন গুরুত্ব পাচ্ছে সালাহউদ্দিনের আসন?
সালাহউদ্দিন আহমদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। দলের নীতিনির্ধারণী পর্যায়েও তিনি গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন।
এ ছাড়া বিএনপির সম্ভাব্য মহাসচিব হিসেবেও তাঁর নাম রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে। ফলে প্রধানমন্ত্রী ও সংসদ নেতার পাশের আসনে তাঁকে বসানোকে ঘিরে নতুন করে নানা আলোচনা তৈরি হয়েছে।
রাজনৈতিক মহলের কেউ কেউ মনে করছেন, সংসদীয় কার্যক্রমে সালাহউদ্দিনকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় আনার পরিকল্পনার অংশ হিসেবেই এই আসনবিন্যাস করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়ার মতো কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো পাওয়া যায়নি।
উপনেতা পদ নিয়ে কী জানা যাচ্ছে?
সংসদের উপনেতা পদটি সংসদ নেতার সহায়ক একটি গুরুত্বপূর্ণ পদ। সংসদ নেতার অনুপস্থিতিতে সংসদীয় কার্যক্রম পরিচালনায় উপনেতার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। অতীতেও ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতাদের এ পদে দায়িত্ব দেওয়ার নজির রয়েছে।
তবে সালাহউদ্দিন আহমদকে উপনেতা করার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
মির্জা ফখরুলের সংসদ ছাড়ার পর তাঁর আসনে সালাহউদ্দিনের বসা কেবল নতুন আসনবিন্যাসের অংশ, নাকি তাঁকে সংসদে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার প্রস্তুতি—তা আনুষ্ঠানিক সিদ্ধান্তের পরই স্পষ্ট হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল শনিবার বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। বিষয়টি প্রধানমন্ত্রী ও সংসদ নেতার এখতিয়ার।