বিরোধী দলকে পোষ্য বানানোর চেষ্টা চলছে: সারজিস আলম | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিরোধী দলকে পোষ্য বানানোর চেষ্টা চলছে: সারজিস আলম

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিরোধী দলকে পোষ্য বানানোর চেষ্টা চলছে: সারজিস আলম
বিরোধী দলকে পোষ্য বানানোর চেষ্টা চলছে: সারজিস আলম
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর ক্ষমতা পুঞ্জীভূত করে বিরোধী দলকে ‘পোষ্য’ বানানোর চেষ্টা করা হচ্ছে।জাতীয় নাগরিক পার্টির (এনসি..

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে নোয়াখালীর মাইজদীতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “এ বিএনপি বেগম খালেদা জিয়া বা মেজর জিয়াউর রহমানের বিএনপি নয়। আর চব্বিশের আগের অনলাইনে জনগণের পক্ষে কথা বলা সেই তারেক রহমানও এখন আর আগের মতো নেই।”

তিনি বলেন, “তারেক রহমান হচ্ছেন নতুন তারেক রহমান, যিনি এখন শুধু চোখের সামনে ক্ষমতা দেখছেন। সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পর কীভাবে ক্ষমতাকে পুঞ্জীভূত করা যায়, সবকিছু নিজের নিয়ন্ত্রণে নেওয়া যায় এবং বিরোধী দলকে পোষ্য বানানো যায়—সেই পাঁয়তারা তিনি শুরু করেছেন।”

বিএনপির উদ্দেশে সারজিস বলেন, সংসদ থেকে রাজপথ—প্রতিটি জায়গায় যে ‘প্রতারণার রাজনীতি’ শুরু হয়েছে, এর ফল একসময় তাদের ভোগ করতে হবে। আওয়ামী লীগের সময়ে জাতীয় পার্টিকে পোষ্য বিরোধী দল হিসেবে পাওয়া গেলেও ভবিষ্যতের বাংলাদেশে বিএনপি এমন কোনো বিরোধী দল পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “বিএনপির প্রেসক্রিপশন অনুযায়ী সংসদ কিংবা রাজপথে এনসিপি কোনোদিন কথা বলবে না।”

অভিজ্ঞতা থাকলে আরও পাঁচ আসনে জিতত এনসিপি

জাতীয় নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম দাবি করেন, নির্বাচনের আগে এনসিপির নেতাকর্মীদের একটি নির্বাচনের অভিজ্ঞতা থাকলে দলটি অন্তত আরও পাঁচটি আসনে জয়ী হতে পারত।

তার ভাষায়, যারা ২ হাজার, ৪ হাজার, ৫ হাজার, ৭ হাজার কিংবা ৮ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন, তাদের নির্বাচনী অভিজ্ঞতা থাকলে তারা এবার পরাজিত হতেন না। তার দাবি, এসব প্রার্থী ভোটে নয়, বরং কৌশল বা ‘অপকৌশলের’ কাছে হেরেছেন।

আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনার কথা তুলে ধরে সারজিস বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপির ছাত্র, যুব, নারী ও শ্রমিকসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কমিটি গঠন করা হবে। সংগঠন শক্তিশালী হলে ২০৩১ সালের নির্বাচনে জনগণের রায় নিয়ে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শাহবাগ প্রসঙ্গে বিএনপিকে আক্রমণ

বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে সারজিস আলম বলেন, শাহবাগের আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা না থাকায় তারা শাহবাগকে মেনে নিতে পারছে না।

সালাহউদ্দিন আহমদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ২০২৪ সালের অভ্যুত্থান কোনো বিদেশি শহর বা দেশের বাইরে থেকে হয়নি; বাংলাদেশের রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকেই এ অভ্যুত্থানের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, আন্দোলনের সময় যারা রাজপথে ছিলেন না, তাদের মধ্যে শাহবাগ ও পল্টন নিয়ে এক ধরনের হীনমন্যতা কাজ করছে।

বিএনপিকে সতর্ক করে সারজিস বলেন, “চোখ তুলে নেবেন, রক্তাক্ত করবেন, হয়তো আগামীতে জীবনও নিতে পারেন; কিন্তু মনে রাখবেন, ওই একই স্বৈরাচারীর পথে যদি আপনারা হাঁটেন, আপনাদের পরিণতি এর চেয়েও ভয়াবহ হবে।”

‘আমাদের লড়াই দীর্ঘ’

দলের অভ্যন্তরীণ বিষয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, নিজেদের মধ্যে শক্তি অপচয় বা ক্ষয় করা যাবে না। এনসিপির সামনে দীর্ঘ রাজনৈতিক লড়াই রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে ভবিষ্যতে নেতৃত্বে আসার সুযোগ দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “আজকে হয়তো আপনি জেলা কমিটির একজন সদস্য হতে পারেন। কিন্তু যদি যোগ্যতার প্রমাণ দেন, ছয় মাস পরে হোক, এক বছর পরে হোক, দুই বছর পরে হোক—আপনার হাতেই নোয়াখালী এনসিপির নেতৃত্ব থাকবে।”

সভায় কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য ইমরান হোসাইন তুহিনের সঞ্চালনায় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, রাজনৈতিক পরিষদের সদস্য ও যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এবং নোয়াখালী পৌরসভার এনসিপি মনোনীত মেয়র প্রার্থী কাজী মাঈন উদ্দিন তানভীর।

Hiçbir yorum bulunamadı


News Card Generator