কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইউনিয়ন ছাত্রদল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নির্দেশনায় এবং বাজিতপুর উপজেলা ছাত্রদলের আওতাধীন পিরিজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জালাল উদ্দীন ও প্রচার সম্পাদক রুমান মিয়ার নেতৃত্বে কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়।
ছাত্রদল নেতারা বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়; পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো এবং রোপণ করা গাছের পরিচর্যা করার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।