নিখোঁজের ২৯ দিন পর, ফরিদপুরের এক যুবকের অর্ধ গলিত মরদেহ গাজীপুর থেকে উদ্ধার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

নিখোঁজের ২৯ দিন পর, ফরিদপুরের এক যুবকের অর্ধ গলিত মরদেহ গাজীপুর থেকে উদ্ধার..

মো: সৈকত হাসান, ফরিদপুর avatar   
মো: সৈকত হাসান, ফরিদপুর
নিখোঁজের ২৯ দিন পর, ফরিদপুরের এক যুবকের অর্ধ গলিত মরদেহ গাজীপুর থেকে উদ্ধার..
নিখোঁজের ২৯ দিন পর, ফরিদপুরের এক যুবকের অর্ধ গলিত মরদেহ গাজীপুর থেকে উদ্ধার..
ছবি: সংগৃহীত
****



ঢাকায় চাকরির পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজের ২৯ দিন পর আকাশ সরদার (২১) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকালে গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানের একটি পরিত্যক্ত ড্রেন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাজহারুল ইসলাম মিঠু (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নাজিরপুর গ্রামের তারা মিয়ার ছেলে।
নিহত আকাশ সরদার ফরিদপুরের কোতোয়ালি থানার ঈশানগোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. করিম সরদারের ছেলে। গত ২৭ জুলাই বাড়ি থেকে ঢাকায় যাওয়ার পর তিনি নিখোঁজ হন।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজের পর আকাশের পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে আকাশের স্ত্রীর মোবাইল ফোনে সুমন নামে এক ব্যক্তি ফোন করে টাকা দাবি করেন। এ ঘটনায় আকাশের বাবা করিম সরদার বাদী হয়ে মাজহারুল ইসলাম মিঠু, অপু মিয়া ও সুমন মিয়াকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আকাশ ও মাজহারুল প্রায় আড়াই বছর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার অপু মিয়ার মাধ্যমে কম্বোডিয়ায় যান। তিন মাস আগে তাঁরা দেশে ফেরেন। দেশে ফিরে আকাশ বেকার ছিলেন। গত ২৭ জুলাই চাকরি দেওয়ার কথা বলে মাজহারুল তাঁকে সোনারগাঁয়ে ডেকে নেন। পরে তাঁকে অপহরণ করে টঙ্গীতে নিয়ে যাওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ওই দিন সন্ধ্যা ৭টার দিকে আকাশের স্ত্রী জেরিনের মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে কল করে সুমন নামে একজন আকাশকে আটকে রাখার কথা জানান। এরপর থেকে আকাশের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. হাসানের চাহিদাপত্রের ভিত্তিতে রোববার টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে মাজহারুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করে উত্তরা র‌্যাব-১-এর একটি দল।
পুলিশ জানায়, গ্রেপ্তার মিঠুর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার এসআই মেহেদী হাসানের সহযোগিতায় ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ সোমবার সকালে ইজতেমা ময়দানের একটি পরিত্যক্ত ড্রেন থেকে আকাশের মরদেহ উদ্ধার করে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, মরদেহটি গাজীপুর মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।

Nenhum comentário encontrado


News Card Generator