মোঃ রায়হান মিয়া কচুয়া চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের কচুয়া থানা পুলিশের পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে আটক করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) কচুয়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলামের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে থানার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২৩ আগস্ট রাত ৮টার দিকে কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকায় কচুয়া-গুলবাহার সড়কে আলমগীর বেডিং স্টোরের সামনে অভিযান চালিয়ে সিয়াম (১৯) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এর আগে একই দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পলাশপুরে জাকির ওরফে বাটা জাকিরের বালুর মাঠে অভিযান চালিয়ে রিপন (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রাত ৯টা ৫ মিনিটে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কড়ইয়া এলাকায় খাজা জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে নুরে আলম (৩২)কে আটক করা হয়। তার কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে বিকেল ৫টা ৩০ মিনিটে ৩ নম্বর বিতারা ইউনিয়নের বুধুন্ডা এলাকায় নিন্দপুর-মাঝিগাছা সড়কের তেতুলতলা এলাকায় অভিযান চালিয়ে সাহিন মিয়া (১৯) ও রাসেল (২৪) নামে দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে রাত ৮টা ১৫ মিনিটে কচুয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কড়ইয়া গ্রামের মন্দার বাড়ির পশ্চিম পাশে ব্রিজের ওপর অভিযান চালিয়ে শাকিল (২২) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটক ছয়জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় পৃথক পাঁচটি মামলা করা হয়েছে।
পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আটক ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।