ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাণীশংকৈল ডিগ্রি কলেজের প্রভাষক লুৎফর রহমান লিটন (৪৫) মারা গেছেন।
শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। লুৎফর রহমান লিটন রাণীশংকৈল পৌর শহরের বন্দর ডাবতলী এলাকার বশির সেক্রেটারির ছেলে। তিনি রাণীশংকৈল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।
জানা গেছে, গত ৩০ জুলাই সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে কর্মস্থল উত্তরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন লিটন। রাণীশংকৈল-কাঠালডাঙ্গী সড়কের পদমপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সামনে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। এতে লিটন ও তাঁর স্ত্রী দুজনই আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। লিটনের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন তিনি।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে লুৎফর রহমান লিটনের মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন শিক্ষক সংগঠন ও স্থানীয়রা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন
'আই নিউজ বিডি' অ্যাপ
Commenti 0