বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করার পর সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সিদ্ধান্ত অনুযায়ী, সালাহউদ্দিন আহমদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মন্ত্রীদের এই রদবদল সংক্রান্ত প্রজ্ঞাপন বৃহস্পতিবার সন্ধ্যায় জারি হতে পারে।
সালাহউদ্দিন আহমদ ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য। এর আগে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
অন্যদিকে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য। বর্তমানে তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
মির্জা ফখরুলের পদত্যাগে মন্ত্রণালয়ে পরিবর্তন
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম ঘোষণার পর তিনি দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যসহ দলীয় পদ এবং সংসদীয় ও প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এর ফলে মির্জা ফখরুলের হাতে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর দায়িত্বে দ্রুত পরিবর্তনের প্রয়োজন দেখা দেয়। প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখতে সালাহউদ্দিন আহমদকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন দায়িত্বশীল নেতৃত্ব আনতে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুলের দলীয় ও সরকারি পদ ছাড়ার পর বিএনপির সরকারে এটাই প্রথম বড় ধরনের মন্ত্রী পুনর্বিন্যাস।