মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুর রহমানকে গ্রেপ্তার করেছে লামা থানা পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর গতকাল বুধবার (১২ আগস্ট) রাতে তাকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে আটক করা হয়।
লামা থানা সূত্রে জানা গেছে, লামা থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদের নির্দেশে এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লুৎফুর রহমানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত লুৎফুর রহমান (৩২) লামা পৌরসভার টিটিএন্ডডিসি এলাকার বাসিন্দা। তার পিতার নাম নুরুল ইসলাম।
পুলিশ জানায়, লুৎফুর রহমান একটি মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
লামা থানা পুলিশ জানিয়েছে, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।