মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়।
আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমজাদ হোসেনের নির্দেশনায় এসআই মিয়েল চাকমার নেতৃত্বে কনস্টেবল আফজাল হোসেন ও কনস্টেবল ছোটনকে সাথে নিয়ে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানে ৪০৬ ও ৪২০ ধারায় দায়েরকৃত সিআর-৩৮/২০২৬ নং মামলার আসামী মো. মহিউদ্দিনকে (৪৮) গ্রেফতার করা হয়। তিনি চৈক্ষ্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ আবুল কাশেম পাড়ার বাসিন্দা।
আলীকদম থানার তদন্ত কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, ‘ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করতে পেরেছি। এতে এলাকায় স্বস্তি ফিরেছে এবং পুলিশের প্রতি মানুষের আস্থা বেড়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দের জন্য থানা হাজতে রাখা হয়েছে।