শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মান্নান সরদার (৭০)। তিনি পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাউখোলা এলাকার রেজাউল শিকদার ও তার সমর্থকদের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে তমিজ খাঁ ও তার সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণ ঘটালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে রেজাউল শিকদারের পক্ষের সমর্থক মান্নান সরদার গুরুতর আহত হন। পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে তমিজ খাঁর পক্ষের সমর্থক রিপন মোল্লা গুরুতর আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ জানান, ককটেল বিস্ফোরণে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের একজনের হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়। অপরজনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর তারা পেয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
#শরীয়তপুর #জাজিরা #সংঘর্ষ #ককটেলবিস্ফোরণ #সড়কনিরাপত্তা #বাংলাদেশ
'আই নিউজ বিডি' অ্যাপ
Bình luận 0