ড. সাইদুর রহমান লস্কর একাডেমিতে ৪ তলা ভবন নির্মাণের প্রস্তুতি পরিদর্শন
মোঃ মামুন মোল্লা :মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৪ নং খান্দারপাড়া ইউনিয়নের ড. সাইদুর রহমান লস্কর একাডেমি-তে প্রস্তাবিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের প্রস্তুতি ও বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন করেছেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও একাডেমির সভাপতি মাহমুদ আশিক কবির।
বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে সহকারী প্রধান শিক্ষক মুন্সি নাসির উদ্দিন-এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা ফুল দিয়ে ইউএনও ও একাডেমির সভাপতিকে আন্তরিকভাবে স্বাগত জানান।
পরিদর্শনকালে মাহমুদ আশিক কবির প্রস্তাবিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণস্থল সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণকাজ শুরুর পূর্বপ্রস্তুতি, অবকাঠামোগত বিষয়, প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবন নির্মাণকাজ দ্রুত, সুষ্ঠু ও গুণগত মান বজায় রেখে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল নাঈম, উপজেলা প্রকৌশলী আবদুল মান্নান, ৪ নং খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইমারত শেখ, মোঃ শহিদুল ইসলাম, খান্দারপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইমারত খন্দকার, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইমরান হোসেন, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মন্টু চন্দ্র বিশ্বাস, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে ইউএনও ও একাডেমির সভাপতি মাহমুদ আশিক কবির সংশ্লিষ্টদের সঙ্গে ভবন নির্মাণকাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং প্রকল্পটি দ্রুত ও মানসম্মতভাবে বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, প্রস্তাবিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণকাজ সম্পন্ন হলে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং এলাকার শিক্ষার্থীরা আধুনিক, নিরাপদ ও মানসম্মত শিক্ষা পরিবেশে পাঠগ্রহণের সুযোগ লাভ করবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Comentarios 0