তিন দশক পর এসএসসি '৯৬ ব্যাচের মিলনমেলা | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

তিন দশক পর এসএসসি '৯৬ ব্যাচের মিলনমেলা

Rakibul Islam avatar   
Rakibul Islam
তিন দশক পর এসএসসি '৯৬ ব্যাচের মিলনমেলা
তিন দশক পর এসএসসি '৯৬ ব্যাচের মিলনমেলা
ছবি: সংগৃহীত
যৌবনের সুতোয় বাঁধা আছে প্রাণ, বন্ধু তুই আজও ভেতরের টান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি '৯৬ ব্যাচের বন্ধু উৎসব।..

‘যৌবনের সুতোয় বাঁধা আছে প্রাণ, বন্ধু তুই আজও ভেতরের টান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি '৯৬ ব্যাচের বন্ধু উৎসব। প্রায় তিন দশক পর শৈশব-কৈশোরের সহপাঠীরা এক ছাদের নিচে মিলিত হয়ে স্মৃতিচারণ, আনন্দ-উচ্ছ্বাস ও পারস্পরিক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেন।

শুক্রবার (৩১ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উৎসবস্থলে গিয়ে শেষ হয়। পরে দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন খেলাধুলা ও স্মৃতিচারণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বন্ধু উৎসব উদযাপিত হয়।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, “বন্ধুত্ব মানুষের জীবনের সবচেয়ে নির্মল সম্পর্কগুলোর একটি। কর্মব্যস্ত জীবনে এমন পুনর্মিলনী শুধু অতীতের স্মৃতিকে ফিরিয়ে আনে না, বরং পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে। এই বন্ধন আগামী প্রজন্মের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুব হোসেন তালুকদার এবং মরহুম আব্দুর গফুর স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সেলিম বাদশা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারাবাংলা ডটনেটের নিউজ এডিটর সাংবাদিক প্রতীক মাহমুদ। বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক আশরাফুল আলম আলীম, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, ডা. পারভেজ রায়হান, মাজহার মিলন, গোলাম কিবরিয়া বরাদ, ফরিদুল ইসলাম ফরিদ, সুমন সরকার, মাহবুবুর রহমান মিয়া, হারুন অর রশিদ, হাজী হাফিজ, জলিমনি ও শাহীন হোসেনসহ অন্যরা।

আলোচনা সভা শেষে ঢাকা ও সিরাজগঞ্জের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পাশাপাশি মিউজিক্যাল চেয়ার, বালিশ খেলা, স্মৃতিচারণ, প্রাণবন্ত আড্ডা, ফানুস উড়ানো ও আতশবাজির আয়োজন উৎসবে বাড়তি মাত্রা যোগ করে।

আয়োজকদের জানান, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধিত ২৯৯ জন বন্ধু অনুষ্ঠানে অংশ নেন। অতিথিসহ প্রায় চার শতাধিক মানুষের উপস্থিতিতে দিনব্যাপী এই আয়োজন এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়, যেখানে আবেগ, ভালোবাসা ও আজীবনের বন্ধুত্ব নতুন করে উদযাপিত হয়েছে।

Aucun commentaire trouvé


News Card Generator