ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক অঙ্গনে ব্যতিক্রমধর্মী এক ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। প্রায় আট বছর আগে যে কর্মকর্তা এই উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনি এবার একই উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
গত ২৭ জুলাই ইউএনও হিসেবে রাণীশংকৈলে যোগদান করেন গোলাম রব্বানী সরদার। দায়িত্ব গ্রহণের পর ৩০ জুলাই উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
জানা গেছে, কর্মজীবনের শুরুতে শিক্ষা প্রশাসনের একটি সাধারণ পদে দায়িত্ব পালন করলেও ধারাবাহিক অধ্যবসায়, পেশাগত দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রশাসনিক ক্যাডারে নিজেকে প্রতিষ্ঠিত করেন গোলাম রব্বানী সরদার। দীর্ঘ পথচলার পর একই উপজেলায় সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তাঁর ফিরে আসা স্থানীয়দের কাছে অনন্য এক দৃষ্টান্ত হয়ে উঠেছে।
স্থানীয় সচেতন মহলের ভাষ্য, একই কর্মস্থলে অধস্তন পর্যায়ের দায়িত্ব থেকে সর্বোচ্চ প্রশাসনিক পদে উন্নীত হয়ে ফিরে আসার ঘটনা খুবই বিরল। তাঁদের মতে, এই সাফল্য নতুন প্রজন্ম ও সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং প্রমাণ করবে যে নিষ্ঠা, সততা ও অবিচল প্রচেষ্টা থাকলে লক্ষ্য অর্জন সম্ভব।
উপজেলাজুড়ে গোলাম রব্বানী সরদারের এই অর্জন নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে রাণীশংকৈলের জন্য গর্বের একটি অধ্যায় হিসেবে দেখছেন।
'আই নিউজ বিডি' অ্যাপ
تعليقات 0