যশোরের অভয়নগরে পুকুরে ডুবে শিশুর মৃত্য! | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরের অভয়নগরে পুকুরে ডুবে শিশুর মৃত্য!

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরের অভয়নগরে পুকুরে ডুবে শিশুর মৃত্য!
যশোরের অভয়নগরে পুকুরে ডুবে শিশুর মৃত্য!
ছবি: সংগৃহীত
****

যশোরের অভয়নগরে বাড়ির পাশের পুকুরে ডুবে লাবিব শেখ নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

গত রবিবার (১৪ জুন) রাতে উপজেলার দিঘীরপাড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব শেখ ওই গ্রামের তানজিল শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর গত দুই বছর ধরে ছেলে লাবিবকে নিয়ে দিঘীরপাড় গ্রামে নিজ বাড়িতে বসবাস করছিলেন তানজিল শেখ।

রবিবার সন্ধ্যায় ছেলেকে বাড়িতে একা রেখে তিনি পাশের মসজিদে নামাজ পড়তে যান। নামাজ শেষে বাড়ি ফিরে ছেলেকে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুরে লাবিবকে ভেসে থাকতে দেখেন তিনি। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. রাকিবুল ইসলাম জানান, লাবিব নামে চার বছর বয়সী এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজ সোমবার (১৫ জুন) সকালে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, পানিতে ডুবে মারা যাওয়া শিশু লাবিব শেখের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Walang nakitang komento


News Card Generator