সিরাজগঞ্জ জুলাই যোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ও বাগবাটি ইউনিয়ন ছাত্র দলের সহ সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন পদত্যাগ করেছেন। তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের কাছে লিখিতভাবে তার পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকে বর্তমান পর্যন্ত সংগঠনের নির্দেশনায় শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পাশে থেকে সহযোগিতার চেষ্টা করেছেন। তবে জেলা কমিটির কার্যক্রম স্থবির হয়ে পড়া, কমিটির কার্যকর কোনো কাঠামো না থাকা এবং কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয়ের অভাবের কারণে তিনি দায়িত্ব পালন করতে পারছিলেন না।
তিনি আরও বলেন, সংগঠনের সদস্য সচিব হিসেবে থেকে আহত ও শহীদ পরিবারের জন্য প্রত্যাশিত ভূমিকা রাখতে না পারায় তিনি নৈতিক দায়বদ্ধতা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে উল্লিখিত কারণগুলো বিবেচনা করে তার পদত্যাগ গ্রহণের জন্য কেন্দ্রীয় কমিটির প্রতি অনুরোধ জানানো হয়েছে।