মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান): “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য”— এই স্লোগানকে সামনে রেখে বান্দরবান পার্বত্য জেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ‘দিনব্যাপী বাছাইকৃত দায়িত্বশীল শিক্ষা শিবির ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বান্দরবান পার্বত্য জেলার সভাপতি ফারুক আহমেদ। সভা পরিচালনা ও সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি তৌফিকুল ইসলাম। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রোগ্রাম শুরু হয়।
উক্ত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া। তিনি "সেক্টর ও ট্রেড ইউনিয়নের গুরুত্ব" শীর্ষক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা প্রদান করেন। তিনি তাঁর আলোচনায় বলেন, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুনির্দিষ্ট সেক্টরভিত্তিক দাবি আদায়ে সংগঠিত ট্রেড ইউনিয়নের প্রয়োজনীয়তা অপরিসীম।
সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি ও অনুষ্ঠানের প্রধান আলোচক মু. ইসহাক "দায়িত্বশীলদের দায়িত্ব ও কর্তব্য" বিষয়ে বিস্তারিত আলোচনা পেশ করেন। তিনি দায়িত্বশীলদের উদ্দেশ্য করে বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে সংগঠকদের সততা, আমানতদারী এবং সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ শ্রমিকদের আস্থা অর্জনে এবং সংগঠনকে গতিশীল করতে প্রতিটি পর্যায়ের দায়িত্বশীলকে তাঁদের অর্পিত কর্তব্য যথাযথভাবে পালন করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক হামেদ হাসান, তারবিয়াত সেক্রেটারি, বান্দরবান জামায়াতে ইসলামী।
শিক্ষা শিবিরে বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায় এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেন। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ও বাছাইকৃত দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।