নাফিজ আহমেদ,রাজবাড়ী প্রতিনিধিঃ অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১০ জুন) সকাল ১১টা থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্প। প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং কালুখালী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বাস্তবায়িত হচ্ছে।
কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফরোজ পারভীন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. আশিক উন নবী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এবং কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত, সহজ এবং স্বল্প ব্যয়ে নিষ্পত্তির একটি অত্যন্ত কার্যকর ব্যবস্থা। সাধারণ মানুষের মধ্যে এ আদালতের আইনি সেবা সম্পর্কে সচেতনতা বাড়ানো গেলে উচ্চ আদালতগুলোর ওপর মামলার চাপ যেমন কমবে, তেমনি গ্রামীণ পর্যায়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সহজ হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে প্রান্তিক জনগণকে আরও বেশি অবহিত করতে হবে। আর এ লক্ষ্য অর্জনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ ও প্রচার অত্যন্ত জরুরি। কর্মশালায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধি এবং জনসচেতনতা সম্প্রসারণে নিজ নিজ ক্ষেত্র থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরেন।
Application « Eye News BD »
commentaires 0