যশোরে মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পুলিশি হেফাজতে স্বামী.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পুলিশি হেফাজতে স্বামী..

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরে মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পুলিশি হেফাজতে স্বামী..
যশোরে মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পুলিশি হেফাজতে স্বামী..
ছবি: সংগৃহীত
****

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের শরিফপুরে মা ও দুই বছরের শিশু সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে গৃহবধূ রেবেকা খাতুন (৩০) ও তার দুই বছর বয়সী ছেলে সোহরাব হোসেনের মরদেহটি উদ্ধার হয়।
​

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে মা ও শিশুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত রেবেকার স্বামী জনি মিয়াকে আটক করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
​

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রেবেকার শ্বশুর রবিউল ইসলাম ও শাশুড়ি পরিছন বেগম দাবি করেছেন, রেবেকার বোন সাফিয়া বেগমের সঙ্গে জমি বিক্রি সংক্রান্ত একটি বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই রেবেকা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তাদের ধারণা।

​তবে এই অভিযোগ অস্বীকার করে নিহতের বোন সাফিয়া বেগম দাবি করেন, জনি মিয়া মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে তার বোনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরেই রেবেকা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে তিনি পাল্টা অভিযোগ করেন।

​ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, মা ও শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হবে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

No se encontraron comentarios


News Card Generator