যশোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত-৪ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

যশোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত-৪

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
যশোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত-৪
যশোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত-৪
ছবি: সংগৃহীত
****

যশোর-খুলনা মহাসড়কে কাভার্ড ভ্যান, ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানের ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন।

এ ঘটনায় সাজ্জাদ হোসেন (২৮) নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারের পশ্চিম মাথার চাউলিয়া এলাকার হাইওয়ে ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা কাভার ভ্যানে আগুন ধরিয়ে দিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে, যার ফলে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও প্রত্যক্ষসূত্রে জানা গেছে, খুলনা থেকে যশোরমুখী একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান চাউলিয়াস্থ হাইওয়ে ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ইজিবাইক ও একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় কাভার্ড ভ্যানের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আইয়ুব আলী ও যাত্রী বৃষ্টি সাহা মারা যান। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভ্যান চালক আনোয়ার আলী ও সৌভিক সাহা (৪) এর মৃত্যু হয়।
এঘটনায় নিহতরা হলেন, যশোর সদর উপজেলার ঘুনি পূর্বপাড়ার মৃত হাসান আলী মোল্লার ছেলে ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), ঘোড়াগাছা সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৪), তার চার বছরের সন্তান সৌভিক সাহা এবং চাউলিয়া গ্রামের মৃত কালু শেখের ছেলে ভ্যান চালক আনোয়ার আলী (৭০)।

নিহত আনোয়ারের ছেলে জামাল হোসেন জানান, তার বাবা ইঞ্জিনচালিত ভ্যানে যাত্রী নিয়ে মহাসড়ক ধরে গন্তব্যে যাচ্ছিলেন, পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাকিরুল ইসলাম জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আহত সাজ্জাদ হোসেনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। মণিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে সাজ্জাদ বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

যশোর কোতোয়ালি থানা পুলিশ জানায়, ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে।

এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

コメントがありません


News Card Generator