ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ৯টার দিকে উপজেলার মীরডাঙ্গী টেকিয়া মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, জওগাঁও এলাকায় শাশুড়ির দাফন সম্পন্ন করে তিন ভাই পৃথক তিনটি মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে মীরডাঙ্গী টেকিয়া মহেশপুর এলাকায় রাস্তার ওপর একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। নিহতের স্ত্রীও একই মোটরসাইকেলে ছিলেন। দুর্ঘটনায় তিনিও মারাত্মক আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুরে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, মরদেহ হাসপাতালের হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, অন্যথায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
تبصرے 0