নোয়াখালীর কোম্পানীগঞ্জে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এনসিপি সমর্থিত সংসদ সদস্য আব্দুল হান্নান (এমপি) আগমন উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত চা-চক্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টায় কোম্পানীগঞ্জ উপজেলার নির্ঝর কনভেনশন হলে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় রাজনৈতিক নেতা, সামাজিক ব্যক্তিত্ব, প্রশাসনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। পরে এক অনানুষ্ঠানিক আলোচনা সভায় এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, রাজনৈতিক পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
চা-চক্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই সেলিম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল হাকিম, নোয়াখালী-৫ আসনের এমপির পি.আর.ও সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় নোয়াখালী পাঁচ আসনের এমপি আলহাজ্ব ফখরুল ইসলাম মুঠোফোনে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার উন্নয়ন, শান্তি ও জনগণের স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন নদী ভাঙ্গন রোধ ও নোয়াখালীকে বিভাগ করতে আমরা একনিষ্ঠভাবে সংসদে লড়াই করে যাচ্ছি , এ সময় তিনি বিভাগ হওয়ার প্রতিশ্রুতি দেন।
তারা কোম্পানীগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও যুবসমাজের উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
চা-চক্র শেষে উপস্থিত অতিথিদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় ও শুভেচ্ছা আদান-প্রদান করা হয়। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর ও আন্তরিকতায় ভরপুর। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bemerkungen 0