নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে ১৫শ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থসহ চার মাদক কারবারিকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ।
আটককৃতরা হলেন— রোকেয়া বেগম (৪৭), মো. ইমন মিয়াজি (২৩), মো. রিয়াদ মাহমুদ ইভান (২৫) এবং মো. শাকিল সরদার (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের গুরিন্দা বাজার সংলগ্ন মিজানুর রহমানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশের একটি চৌকস দল।
অভিযানকালে মাদক ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে চারজনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। জানা যায়, প্রায় ১০ হাজার টাকা পুঁজি নিয়ে তারা এই ব্যবসা শুরু করেন এবং ধাপে ধাপে ঢাকা থেকে ইয়াবার বড় চালান এনে স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করতেন। তাদের মধ্যে রিয়াদ মাহমুদ ইভানকে এই চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গলাচিপা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম জানান, আটক ব্যক্তিদের আরও জিজ্ঞাসাবাদ চলছে। তাদের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে গলাচিপা থানা পুলিশ।
গলাচিপায় বসত বাড়িতে মাদক কারবারি ১৫শ পিস ইয়াবাসহ চার জন আটক.... | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
গলাচিপায় বসত বাড়িতে মাদক কারবারি ১৫শ পিস ইয়াবাসহ চার জন আটক....
ছবি: সংগৃহীত
Ingen kommentarer fundet